
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি পোস্ট ও মন্তব্যের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের লেখা এবং এআই-নির্ভর লেখার পার্থক্য করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। নিম্নমানের ও অপ্রয়োজনীয় এমন কনটেন্ট নিয়ন্ত্রণে এবার নতুন পদক্ষেপ নিয়েছে পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এআই দিয়ে তৈরি বলে সন্দেহ হওয়া পোস্ট বা মন্তব্য সহজে শনাক্ত করে প্রতিবেদন করার সুযোগ দিতে নতুন একটি বাটন চালু করতে যাচ্ছে লিংকডইন।
‘সিমস লাইক এআই স্লপ’ নামের এই বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা এআই-নির্ভর এবং নিম্নমানের বা অপ্রয়োজনীয় বলে মনে হওয়া পোস্ট ও মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন।
সম্প্রতি প্যাংগ্রাম নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, লিংকডইনে প্রকাশিত দীর্ঘ পোস্টের প্রায় ৪১ শতাংশই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি। অর্থাৎ প্রতি ১০টি দীর্ঘ পোস্টের মধ্যে প্রায় চারটিই মানুষের পরিবর্তে এআই ব্যবহার করে লেখা হচ্ছে। এই গবেষণার ফল প্রকাশের পরই নতুন উদ্যোগের ঘোষণা দেয় লিংকডইন।
লিংকডইনের প্রধান পণ্য কর্মকর্তা হরি শ্রীনিবাসন বলেন, এআই দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট এখন প্ল্যাটফর্মটির অন্যতম বড় চ্যালেঞ্জ। ব্যবহারকারীদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব কনটেন্ট দ্রুত শনাক্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের অভিযোগ ও প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাকে আরও উন্নত করা হবে। এর ফলে ভবিষ্যতে এআই দিয়ে তৈরি নিম্নমানের পোস্ট ও মন্তব্য স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা আরও সহজ হবে।
লিংকডইনের তথ্য অনুযায়ী, তারা প্রতিদিন হাজার হাজার স্বয়ংক্রিয় মন্তব্য এবং লাখ লাখ বটের কার্যক্রম বন্ধ করছে। পাশাপাশি ব্যবহারকারীদের নিউজ ফিডে এআই-নির্ভর নিম্নমানের কনটেন্ট পৌঁছানোর আগেই তা শনাক্ত করে কমিয়ে আনার কাজও চালিয়ে যাচ্ছে।
শুধু লিংকডইন নয়, এআই-তৈরি নিম্নমানের কনটেন্ট নিয়ন্ত্রণে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। প্রকাশনা প্ল্যাটফর্ম সাবস্ট্যাক ইতোমধ্যে এআই দিয়ে লেখা নিবন্ধ শনাক্ত করার একটি ব্যবস্থা চালু করেছে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, বর্তমানে ইন্টারনেটে মানুষের তুলনায় স্বয়ংক্রিয় বটের কার্যক্রমই বেশি দেখা যাচ্ছে।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজকে সহজ করলেও এর অপব্যবহারও সমানতালে বাড়ছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ভরযোগ্য ও মানসম্মত কনটেন্ট নিশ্চিত করতে নতুন ধরনের নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি হয়ে পড়েছে। লিংকডইনের নতুন উদ্যোগকে সেই প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।