
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি ভাড়া বাসা থেকে গীতা দে (৫৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ‘শাহজাহান ম্যানশন’ নামের একটি ভবনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত গীতা দে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকার মৃত নির্মল বর্মনের স্ত্রী। তিনি দীর্ঘ চার বছর ধরে তার একমাত্র ছেলেকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়দের ভাষ্য, সোমবার রাতে নিজ কক্ষে গীতা দে’র ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন। পরে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাসার মালিক মো. শাহজাহান জানান, গীতা দে দীর্ঘদিন ধরে তার বাসায় ভাড়া থাকতেন। সোমবার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।