
ভোলার মনপুরায় এক কলেজ অধ্যক্ষকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হাজিরহাট সদর উপজেলা মডেল মসজিদে এ ঘটনা ঘটে।
মহিউদ্দিন মিয়া বর্তমানে ভোলা নাজিউর রহমান কলেজে কর্মরত। এর আগে তিনি মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
ঘটনার বিষয়ে জানা যায়, মনোয়ারা বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মহিউদ্দিন মিয়া তৃতীয় শ্রেণির কর্মচারী মো. সেলিমকে চাকরি থেকে বাদ দেন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে পরে সংবাদ সম্মেলন করেন সেলিম।
এই চাকরিচ্যুতির ঘটনাকে কেন্দ্র করেই রোববার রাতে মডেল মসজিদে মহিউদ্দিন মিয়ার সঙ্গে সেলিম ও তার স্বজনদের কথা কাটাকাটি হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তারা সাবেক অধ্যক্ষের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করেন।
পরে স্থানীয়রা আহত অবস্থায় মহিউদ্দিন মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।