
দেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া গালাগালি ও অশালীন সংস্কৃতির কঠোর সমালোচনা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়।
বৈঠকে কমিটির সদস্যরা বলেন, গত দুই বছরে রাজনীতিতে যেভাবে বিষোদ্গার ও গালাগালির প্রচলন ঘটেছে, তা সুস্থ গণতান্ত্রিক চর্চার সম্পূর্ণ পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনৈতিক শিষ্টাচারকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে বলেও তারা মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান কমিটির সদস্যরা। একই সঙ্গে রাজনৈতিক অঙ্গন ও সমাজকে এ ধরনের অপসংস্কৃতি ও অশুভ তৎপরতা থেকে মুক্ত রাখতে সাইবার সিকিউরিটি অ্যাক্টকে কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে মুক্ত গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি বিগত ১৭ বছরের অপশাসন ও গ্লানি মুছে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।
দেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সংস্কার, মেরামত এবং অডিটোরিয়াম আধুনিকায়নের উদ্যোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুক্ত চিন্তার বিকাশ এবং সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ তৈরিতে প্রেস ক্লাবের ভূমিকা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অংশ নিয়ে অশালীন মন্তব্য ও অপপ্রচার প্রতিরোধে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এ ছাড়া কমিটির সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার বৈঠকে উপস্থিত ছিলেন। তথ্য সচিব, বিভিন্ন দপ্তরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।