
ঢাকার ধামরাইয়ে ইজিবাইকের ব্যাটারি তৈরির একটি কারখানায় ঢুকে এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকারে রাখা ৭০ লাখ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।
শনিবার গভীর রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ কারখানায় এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ কারখানাটি পরিদর্শন করে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজের কক্ষে ঘুমাতে যান। এর প্রায় ৪৫ মিনিট পর, রাত সোয়া ১২টার দিকে তিন সদস্যের একটি চক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
কারখানার ভেতরে ঢোকার পর চক্রটি লি পেংগুইর কক্ষের দরজার তালা ভেঙে সেখানে প্রবেশ করে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলা হয়। একপর্যায়ে গলায় ছুরি ঠেকিয়ে তার কাছ থেকে কক্ষের চাবি নিয়ে নেয় তারা।
ওই চাবি দিয়ে লকার খুলে সেখানে রাখা ৭০ লাখ টাকা নিয়ে কারখানা থেকে বেরিয়ে যায় চক্রটি বলে সূত্রের দাবি।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে বিষয়টি পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করার পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।