
জাতীয় সংসদ অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভূমিকার প্রশংসা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ওই সময় সরকারবিহীন এক কঠিন পরিস্থিতিতে রাষ্ট্রপতি অভিভাবকের মতো দায়িত্ব পালন করেছেন। এ জন্য তিনি রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন নতুন তথ্য সামনে আসছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। তিনি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে চলমান আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন।
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি জানান, সরকার একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে এবং বিরোধী দলকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে তারা এখনো সদস্য দেয়নি বলে মন্তব্য করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক বাস্তবতায় অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।
অর্থপাচার ইস্যুতে তিনি দাবি করেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এ অর্থ ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক বিভাজন ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘিরে অপ্রয়োজনীয় বিতর্ক না বাড়িয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া উচিত।