
বাণিজ্য বিষয়ে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) ১৬তম বৈঠক আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে। দুই দিনব্যাপী বৈঠকটি শেষ হবে আগামীকাল শুক্রবার।
বৈঠকে বাণিজ্যিক বিভিন্ন বাধা, পাটজাত পণ্যে অ্যান্টিডাম্পিং শুল্ক প্রত্যাহার, স্থলবন্দর-সংক্রান্ত জটিলতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের সরকারি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। প্রতিনিধিদলটি মঙ্গলবার নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশে বিদ্যমান বাধা দূর করা, বাণিজ্য সহজীকরণ এবং বিভিন্ন পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা কমানোর বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। বিপরীতে একই সময়ে ভারত বাংলাদেশে ১ হাজার ৯৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। ফলে দুই দেশের বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি বড়।
চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো ভারতের বাজার থেকে শিল্পের কাঁচামাল, কাপড়, সুতা, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি করে।
দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা কমানো এবং বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজারে আরও সুযোগ তৈরির বিষয়টি এবারের বৈঠকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন।