
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত ৩৩০ জন দুষ্কৃতকারীর মধ্যে এক নম্বরে থাকা জাহেদুল ইসলাম (৩৫) ওরফে ‘পিচ্চি জাহেদ’কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহেদুল ইসলাম পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালীনগর এলাকার মৃত মো. নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে বাজালিয়া বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা দেন জাহেদুল। দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর মোটরসাইকেলের পথ আটকে দেয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জাহেদুলকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সিএমপি সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুতে জননিরাপত্তার স্বার্থে নগরীতে ৩৩০ জন দুষ্কৃতকারীর প্রবেশ ও অবস্থানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই তালিকায় এক নম্বরে ছিলেন জাহেদুল ইসলাম ওরফে ‘পিচ্চি জাহেদ’। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক কারবার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
এর আগে ১৯ জানুয়ারি দিবাগত রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর অভিযানে ১০৪টি ইয়াবা ও ১৫টি দেশীয় অস্ত্রসহ জাহেদুলকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আসেন। এর কয়েক মাসের মধ্যেই তাকে কুপিয়ে হত্যা করা হলো।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। পরে কেরানীহাটের ওই ক্লিনিক থেকে জাহেদুলের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহত জাহেদুল ইসলামের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’