.jpg)
বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (DBA) এবং জাপান সিকিউরিটিজ ডিলারস এসোসিয়েশন (JSDA)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত এই চুক্তিতে নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করেন জেএসডিএ-এর চেয়ারম্যান ও সিইও তাকাশি হিবিনো এবং ডিবিএ-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। আন্তর্জাতিক কোনো স্ব-নিয়ন্ত্রক সংস্থা (SRO)-এর সঙ্গে এটি ডিবিএ–এর প্রথম আনুষ্ঠানিক চুক্তি, যা সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এই সমঝোতা স্মারকের আওতায় উভয় সংগঠন সিকিউরিটিজ মার্কেট উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করবে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১. আর্থিক বিনিয়োগ ব্যবসা ও পুঁজিবাজার সম্পর্কিত আইন ও বিধিবিধান বিনিময়
২. স্ব-নিয়ন্ত্রক সংস্থার (SRO) শাসনব্যবস্থা, নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া ও কার্যক্রম পরিচালনা পদ্ধতির উন্নয়ন
৩. তদারকি ও কমপ্লায়েন্স কার্যক্রম শক্তিশালীকরণ
৪. দক্ষ ও কার্যকর আর্থিক লেনদেন পদ্ধতির উন্নয়ন
৫.নতুন বিনিয়োগ উপকরণ ও সেবা উদ্ভাবন
৬.বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ
এছাড়াও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে প্রয়োজন অনুযায়ী উভয় সংগঠন পরামর্শ ও সহযোগিতা প্রদান করবে।
চুক্তি প্রসঙ্গে ডিবিএ–এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, এই সমঝোতা স্মারক বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি। জেএসডিএ–এর মতো অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত একটি স্ব-নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার সুযোগ আমাদের বাজারের কাঠামোগত উন্নয়ন, সুশাসন এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক মানের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে, যা আমাদের পুঁজিবাজারকে আরও আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব করে তুলবে।
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই চুক্তির ফলে বাংলাদেশের পুঁজিবাজার আরও সুসংগঠিত, গতিশীল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন হয়ে উঠবে, যার সুফল বাজার সংশ্লিষ্ট সকল অংশীজন ভোগ করবেন।
চুক্তি বাস্তবায়নে সহযোগিতার জন্য ডিবিএ-এর প্রেসিডেন্ট জেএসডিএ-এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে উভয় সংগঠনের মধ্যে আরও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, জেএসডিএ কর্তৃক গঠিত ও পরিচালিত এশিয়া সিকিউরিটিজ ফোরাম (ASF) এশিয়া–প্যাসিফিক অঞ্চলের সিকিউরিটিজ খাতের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। ডিবিএ ২০২৩ সাল থেকে এই ফোরামের সদস্য হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও কার্যক্রমে অংশগ্রহণ করে পুঁজিবাজার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।