
থাইল্যান্ডে রাজতন্ত্রকে অপমানের অভিযোগে বিরোধী দলের এক আইনপ্রণেতার ছয় বছরের কারাদণ্ড কমিয়ে তিন বছর করেছেন আপিল আদালত। সোমবার (২৩ নভেম্বর) আদালত এ রায় দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে ওই আইনপ্রণেতার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল।
থাইল্যান্ডে রাজতন্ত্রের অবমাননা ঠেকাতে কঠোর আইন রয়েছে। দেশটির আইন অনুযায়ী, রাজা, রানি, সিংহাসনের উত্তরাধিকারী কিংবা রাজপ্রতিনিধিকে অপমান, মানহানি বা হুমকি দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
দণ্ডপ্রাপ্ত আইনপ্রণেতার নাম রুকচানক শ্রিনরক। তিনি বিরোধী দল পিপলস পার্টির সদস্য। রাজনীতিতে আসার আগে তিনি আন্দোলনকর্মী ছিলেন। স্থানীয়ভাবে তিনি ‘আইস’ নামে পরিচিত।
মামলার পটভূমি ও আদালতের রায়
২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের একটি পোস্ট প্রকাশ এবং অন্য একজনের পোস্ট শেয়ার করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
রাজতন্ত্র অবমাননা এবং কম্পিউটার অপরাধ আইনে তাকে দোষী সাব্যস্ত করেন নিম্ন আদালত। ২০২৩ সালে আদালত তাকে ছয় বছরের কারাদণ্ড দেন।
সোমবার আপিল আদালত অন্য একজনের পোস্ট শেয়ার করার অভিযোগ থেকে তাকে খালাস দেন। একই সঙ্গে তার কারাদণ্ডের মেয়াদ ছয় বছর থেকে কমিয়ে তিন বছর নির্ধারণ করেন।
আপিলের রায়ের অপেক্ষায় থাকলেও সংসদ সদস্য পদে বহাল ছিলেন রুকচানক। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনেও তিনি পুনরায় নির্বাচিত হন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।
জামিনের আবেদন ও সাজা কার্যকরের বিধান
পিপলস পার্টির নেতা নাত্তাফং রুয়েংপানিয়াওয়াত সাংবাদিকদের জানিয়েছেন, রুকচানক জামিনের আবেদন করছেন। একই সঙ্গে সুপ্রিম কোর্টে আপিল করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
মানবাধিকার সংগঠন থাই লইয়ার্স ফর হিউম্যান রাইটসের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের মে থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননার অভিযোগে অন্তত ১৯৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
থাইল্যান্ডের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ে কোনো আইনপ্রণেতার কারাদণ্ড হলে তিনি সংসদ সদস্য পদ হারাতে পারেন। তবে এ বিধানের ক্ষেত্রে কিছু ব্যতিক্রমও রয়েছে।