
দেশের ছয় জেলার ওপর দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, বগুড়া ও সিলেট জেলাগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড় বয়ে যেতে পারে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে এবং পরবর্তী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা সম্পর্কে আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকা, মাদারীপুর, রাজশাহী, পাবনা, পটুয়াখালী, রাঙামাটি, চাঁদপুর, লক্ষ্মীপুর, বান্দরবান ও ফেনীসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় তা প্রশমিত হতে পারে।
এছাড়া চলতি সপ্তাহে সারাদেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। সোমবার (২৭ এপ্রিল) রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।