
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ছুটির তালিকায় নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে নির্ধারিত ছুটির সঙ্গে আরও একদিন যুক্ত হওয়ায় এবার ঈদে টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে ১৮ মার্চকে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব উপস্থাপন করা হলে মন্ত্রিসভা তা অনুমোদন দেয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই অনুযায়ী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি রাখার পরিকল্পনা করা হয়েছিল।
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন ছিল সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও ছুটি হওয়ায় ঈদের আগে টানা চার দিনের ছুটি মিলবে। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের জন্য সরকারি ছুটি নির্ধারিত রয়েছে। ফলে শবে কদর থেকে শুরু করে ঈদের দিন ও পরবর্তী দুই দিন মিলিয়ে এবার ঈদে মোট সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।