
পরিচ্ছন্নতাকর্মীরা যেন সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারেন এবং সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জ পরিচ্ছন্নতাকর্মী নিবাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তেলেগু ও কানপুরী ভাষাভাষী পরিচ্ছন্নতাকর্মী পরিবারের মধ্যে দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজিত পৃথক দুটি অনুষ্ঠানে এ অনুদান বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট দূর করতে আধুনিক ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট নির্মাণের প্রস্তাব বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রধানমন্ত্রীর বিশেষ মানবিক নির্দেশনায় তেলেগু ও কানপুরী ভাষাভাষী ৬৮০টি পরিচ্ছন্নতাকর্মী পরিবারের প্রতিটিকে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এ ছাড়া সম্প্রদায় দুটির স্থানীয় দুটি মন্দিরেও বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে দয়াগঞ্জে নতুন দুটি ভবনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আরও ১৭টি ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং কোনো কর্মীর মৃত্যু হলে তাঁর পরিবারকে এককালীন চার লাখ টাকা অনুদান দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাঃ আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ এবং তেলেগু ও কানপুরী সম্প্রদায়ের প্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে মোহাঃ আবদুস সালাম পরিচ্ছন্নতাকর্মীদের কল্যাণে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।