
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাকে দেওয়া হয়েছে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা।
বুধবার (৭ অক্টোবর) পশ্চিমবঙ্গ সরকারের কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, রাজ্যপাল মিঠুন চক্রবর্তীকে তথ্য ও সংস্কৃতিবিষয়ক দপ্তরে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
প্রশাসনিক মহলের ধারণা, উপদেষ্টা হিসেবে মিঠুনের দায়িত্বের পরিধি ও নির্দিষ্ট ভূমিকা পরবর্তী সময়ে স্পষ্ট করা হবে। নবান্ন সূত্র জানিয়েছে, শিগগিরই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমানে আলিপুরদুয়ারে একটি চলচ্চিত্রের শুটিংয়ে থাকা মিঠুন নতুন দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন।
সম্প্রতি নিউ টাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মিঠুনকে রাজ্য সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা করার ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বাংলা চলচ্চিত্রে তার অবদান ও পশ্চিমবঙ্গের সঙ্গে দীর্ঘ সম্পর্কের কথা বিবেচনা করেই তাকে এ দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।
উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন ও পর্যটনসহ বিভিন্ন বিষয়ে এর আগে মিঠুনের পরামর্শ নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার।
মিঠুন চক্রবর্তী ২০২১ সালে বিজেপিতে যোগ দেন। এর আগে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস তাকে রাজ্যসভায় মনোনীত করেছিল। তবে ২০১৬ সালে তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। পাঁচ দশকের বেশি সময়ের চলচ্চিত্রজীবনে বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে ‘মহাগুরু’ নামে পরিচিত মিঠুন।
ক্যাটাগরি: আন্তর্জাতিক | ভারত | রাজনীতি ও সংস্কৃতি