
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নুরুল হক নুর লিখেছেন, ‘ফ্যাসিস্ট আমলে গুলশানে ব্যক্তিগত কাজে লাজ ফার্মা/রেস্টুরেন্টে গেলেও বিভিন্ন সংস্থা রিপোর্ট করত। কোনো কোনো সংস্থা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা থেকেও ছবি নিত।’
তিনি আরও লেখেন, ‘আর গতকাল গুলশানের মতো গুরুত্বপূর্ণ ভিআইপি/কূটনৈতিক এলাকায় নিষিদ্ধ সংগঠনের ২০০-২৫০ লোক জড়ো হলো, মিছিল করল!’
নুর প্রশ্ন তোলেন, ‘প্রশাসন, গোয়েন্দা সংস্থা কেউ আঁচ করতে পারেনি??? বিষয়গুলো ভেবে কার্যকর পদক্ষেপ না নিলে—না অশনি সংকেত!’
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
মিছিল ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করে বলে জানায় পুলিশ। পরে গ্রেপ্তার দুজনের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
ওই ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।