
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালী সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী হেলিকপ্টার মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের হেলিপ্যাডে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাতারবাড়ীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী সফরের শুরুতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি। এ সময় বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত বিভিন্ন অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার কথা রয়েছে।
মাতারবাড়ীর কর্মসূচি শেষ করে হেলিকপ্টারে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মহেশখালী ও মাতারবাড়ীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সফর নির্বিঘ্ন করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
সফরের বিভিন্ন ভেন্যু ও আশপাশের নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।