
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পুলিশি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১৬ বোতল বিদেশি হুইস্কি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের একটি দোকানের সামনে থেকে এই মদ জব্দ করা হয়।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে স্টেশনে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছিল। সকাল ৭টার দিকে ১ নম্বর প্ল্যাটফর্মে অবস্থিত মায়ের দোয়া ভোজনালয় নামক দোকানের সামনে দুটি পরিত্যক্ত ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১৬ বোতল বিদেশি মদ (হুইস্কি) পাওয়া যায়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ৮ বোতল রয়্যাল গ্রিন, ৪ বোতল আইকোনিক এবং ৪ বোতল রয়্যাল স্ট্যাগ হুইস্কি রয়েছে। জব্দ করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার টাকা।
ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।