
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পটুয়াখালীর গলাচিপা মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের মোমবাতির আলোয় পরীক্ষা দিতে হয়েছে—যা কেন্দ্রজুড়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাসসহ চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রটির সাতটি কক্ষে একযোগে পরীক্ষা চলছিল। এর মধ্যে প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে বাধ্য হয়।
ঘটনাটি নিশ্চিত করেছেন গলাচিপা মহিলা কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান মিয়া।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্র জানায়, গত দুই দিন ধরে গলাচিপাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির কারণে আবহাওয়া বিরূপ হয়ে ওঠে, ফলে শিক্ষার্থীরা নানা ভোগান্তিতে পড়ে। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞানসহ মোট চারটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ৩০৯ জন পরীক্ষার্থী। তবে পরীক্ষা চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রায় এক ঘণ্টা ধরে মোমবাতির আলোতেই পরীক্ষা চালিয়ে যেতে হয়।
কেন্দ্র পরিদর্শক ও প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস বলেন, ‘বিদ্যুৎ না থাকায় কিছু সময় পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।’
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতির গলাচিপা উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান জানান, ‘বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। তবে অল্প সময়ের মধ্যেই তা স্বাভাবিক করা হয়েছে।’