
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকার কোকেনসহ গায়ানার এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক নারীর নাম কারেন পিটুলা স্টাফলি। সোমবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া আক্তার।
তিনি জানান, কাতারের দোহা থেকে আসা একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন নিয়ে এক নারী ঢাকায় প্রবেশ করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। পরে ওই নারী অন-অ্যারাইভাল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের তিনটি জার উদ্ধার করা হয়। জারের ভেতরে পাওয়া যায় ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো কোকেন, যা প্রাথমিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এয়ারপোর্ট ইউনিট পরীক্ষায় নিশ্চিত করা হয়।
সোনিয়া আক্তার আরও জানান, ইনভেন্টরি প্রস্তুত ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুই এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত কোকেনের মোট ওজন ৮ দশমিক ৬৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
তিনি বলেন, এ ঘটনায় চোরাচালান অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস অ্যাক্ট অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।