
বিশ্ববাজারে মূল্যবান ধাতু স্বর্ণ-এর দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। শুক্রবার (১ মে) একদিনেই স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি কমে যায়।
বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫২ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৬৮ দশমিক ৮২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রে জুন মাসে সরবরাহের জন্য গোল্ড ফিউচারসের দামও ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৫৭৯ দশমিক ৭০ ডলারে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উচ্চ পর্যায়ে থাকায় মুদ্রাস্ফীতির চাপ আবারও বাড়তে পারে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর পরিকল্পনা বিলম্বিত হতে পারে। এই অনিশ্চয়তার কারণে সুদবিহীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যাচ্ছে।
সাধারণভাবে ভূরাজনৈতিক অনিশ্চয়তা বা মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের পরিবর্তে ট্রেজারি বন্ডের মতো সুদযুক্ত সম্পদের দিকে ঝুঁকে পড়েন।
স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে বলে জানা গেছে।