
নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। সোমবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সফরে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমান চলাচল, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ-পরবর্তী পুনর্গঠন ও জ্বালানি খাতের সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
দুই দেশের রেল যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে ভার্চুয়াল মাধ্যমে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে নতুন একটি সাপ্তাহিক ট্রেন পরিষেবা উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। এই ট্রেন ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুর ধামকে যুক্ত করবে।
গত ২৭ মার্চ নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই বালেন্দ্র শাহর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর। এর আগে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করেছিলেন।
নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রীদের প্রথম আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বিদেশ সফরের গন্তব্য হিসেবে ভারতকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে। তবে এটি বাধ্যতামূলক কোনো নিয়ম নয়। ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এই রীতির ব্যতিক্রম ঘটিয়ে প্রথমে চীন সফর করেছিলেন।
বালেন্দ্র শাহর সফরসূচি
৩৫ বছর বয়সী নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র ‘বালেন’ শাহকে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এরপর মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে তার রাজঘাটে যাওয়ার কথা রয়েছে। সফরকালে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।
এ ছাড়া, নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বালেন্দ্র শাহর ৩০ মিনিটের একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন সমঝোতা স্মারক বিনিময় করবেন। পরে উভয় দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হবে।
ভারত ও নেপালের মধ্যে বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে ভারতীয় আকাশসীমা ব্যবহার করে নেপালের জন্য অতিরিক্ত বিমান চলাচলের পথ চালু, দুর্যোগের পর পুনর্গঠনে ভারতের সহায়তা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ।
আন্তর্জাতিক বিমান যোগাযোগ উন্নত করতে নেপাল দীর্ঘদিন ধরেই ভারতীয় আকাশসীমা ব্যবহার করে অতিরিক্ত আকাশপথ চালুর দাবি জানিয়ে আসছে। বিশেষ করে ভৈরহওয়া ও পোখরায় অবস্থিত দেশটির দুটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য এ সুবিধা চায় কাঠমান্ডু।
পুনর্গঠন ও জ্বালানি সহযোগিতায় ভারতের সহায়তা চায় নেপাল
বন্যার পর পুনর্গঠন ও অবকাঠামো উন্নয়নে ভারতের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক সহায়তা প্রত্যাশা করছে নেপাল। এ জন্য দেশটি অনুদান ও সহজ শর্তে ঋণ চায়।
জানা গেছে, গত ২৬ আগস্ট ভোতেকোশি-রাসুওয়া করিডোরে ভয়াবহ বন্যার পর পুনর্গঠন ও পুনর্বাসনের কাজে নেপাল ভারত সরকারের কাছে প্রায় ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছে।
দুই দেশের বৈঠকে জ্বালানি খাতের সহযোগিতাও বিশেষ গুরুত্ব পেতে পারে। নেপাল ভারতে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বাড়াতে চায়। অন্যদিকে, দেশটির জলবিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে ভারতের আগ্রহও বাড়ছে।
ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সোমবার সন্ধ্যায় নেপালে ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর। তার সফরসঙ্গী হিসেবে অন্তত চারজন মন্ত্রী রয়েছেন বলে জানা গেছে।
সফরসঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, অবকাঠামোমন্ত্রী, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী এবং জ্বালানি ও পানিসম্পদমন্ত্রী রয়েছেন। এ ছাড়া, ভারতের বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক এবং ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ খুঁজতে কয়েকজন ব্যবসায়ী ও শিল্পপতিও বালেন্দ্র শাহর সফরসঙ্গী হয়েছেন।