
টানা তিন মৌসুম অপেক্ষার পর আবারও জার্মান ফুটবলের সর্বোচ্চ আসর বুন্দেসলিগায় ফিরছে সাতবারের চ্যাম্পিয়ন শালকে। দ্বিতীয় বিভাগের লিগে ফরচুনা ডুসেলডর্ফকে হারিয়ে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে দলটি।
শনিবার (৩ মে) দ্বিতীয় স্তরের লিগে ১-০ গোলের জয়ে সরাসরি উন্নীত হওয়ার পথ নিশ্চিত করে শালকে। ম্যাচের ১৩ মিনিটে অধিনায়ক কেনান কারামানের একমাত্র গোলে জয় পায় দলটি। এই জয়ে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুইয়ে অবস্থান পাকাপোক্ত করে তারা। লিগে এখনও কয়েকটি ম্যাচ বাকি থাকলেও তাদের আর নিচে নামার সম্ভাবনা নেই।
শালকের এই সাফল্যে সবচেয়ে বড় অবদান রাখেন কোচ মিরন মুসলিচ। মৌসুমের শুরুতে দায়িত্ব নেওয়ার পর ধুঁকতে থাকা দলকে নতুন ছন্দে ফেরান তিনি। শেষ দিকে দলটির আক্রমণভাগেও আসে গতি। অভিজ্ঞ ফরোয়ার্ড এদিন জেকো ইনজুরিতে থাকলেও অন্য খেলোয়াড়রা দায়িত্ব কাঁধে তুলে নেন। বিশেষ করে মুসা সিলার ধারাবাহিক গোল দলকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখে।
জয়ের পর আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় অধিনায়ক কারামান বলেন, ‘এই মুহূর্ত ভাষায় প্রকাশ করা কঠিন। ক্লাব, শহর আর সমর্থকরা দীর্ঘদিন ধরে এমন দিনের অপেক্ষায় ছিল।’
ম্যাচ শেষে গ্যালারিজুড়ে শুরু হয় উদ্যাপন। আতশবাজি, গান আর স্লোগানে উৎসবের পরিবেশ তৈরি করেন সমর্থকেরা। নিরাপত্তার কারণে মাঠে প্রবেশ না করার অনুরোধ জানানো হলেও দর্শকের উচ্ছ্বাসে স্টেডিয়াম ছিল সরব।
গত পাঁচ বছরে এটি দ্বিতীয়বারের মতো দ্বিতীয় বিভাগ থেকে বুন্দেসলিগায় ফিরল শালকে। ২০২১ সালে অবনমনের পর এক মৌসুম বিরতির পর তারা ফিরেছিল। তবে ২০২৩ সালে আবার নিচে নেমে যায় ক্লাবটি। এবার ২০২৬-২৭ মৌসুমে আবারও জার্মানির শীর্ষ ফুটবলে দেখা যাবে দলটিকে।