
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল।
রোববার (৩ মে) সকালে প্রথম ধাপে পাকিস্তানের ক্রিকেটাররা রাজধানীতে পৌঁছান। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল চলমান থাকায় দলের বাকি সদস্যরা পরবর্তী সময়ে যোগ দেবেন।
২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করা হয়েছে। এর আগে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই দলে অভিজ্ঞদের পাশাপাশি নতুন মুখদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চার ক্রিকেটার—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস এবং মুহাম্মদ গাজী ঘোরি।
সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল ও শাহীন শাহ আফ্রিদি।