
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাকে আটক করা হয় বলে ডিবি ও গোয়েন্দা সূত্রে জানা গেছে।
গোয়েন্দা সূত্র জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছিল। এর মধ্যে ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, ২০০৭-০৮ সালের এক-এগারো সময়কার বিতর্কিত ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন-সংক্রান্ত অনিয়মের বিষয় রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এর আগে, গত বছরের মে মাসে আদালত তার ও তার স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পর এ আদেশ দেওয়া হয়। তখন তাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ-সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলছিল বলে জানানো হয়।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, আটকের পর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত সোমবার রাতে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী-কে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মানব পাচারের একটি মামলায় তিনি বর্তমানে রিমান্ডে রয়েছেন।
শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি।