
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেনের বয়স ৫৮ বছর। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার পার্কিং করাকে কেন্দ্র করে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ওই বিরোধের জেরে তাদের ওপর হামলা চালানো হয়।
সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলম বলেন, আমিনবাজারে এক এসবি সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।