
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি পেয়েছেন মামলার বাদী ও নায়কের মামা মোহাম্মদ আলমগীর কুমকুম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই হুমকিতে বলা হয়েছে, যেভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে, একইভাবে তার ভাই শাহরানকেও হত্যা করা হবে। বুধবার ঢাকার আদালতে এসে সাংবাদিকদের এ তথ্য জানান আলমগীর কুমকুম।
বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। ওই শুনানিতে উপস্থিত ছিলেন আলমগীর কুমকুম। শুনানি শেষে সাংবাদিকদের একটি স্ক্রিনশট দেখান তিনি।
সালমান শাহর ভক্ত হিসেবে পরিচয় দেওয়া ‘মামুন’ নামে এক ব্যক্তির ফেসবুক লাইভের মন্তব্যের ঘরে ‘শাকিল কিবরিয়া (Shakil Kibria)’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়।
হুমকি বার্তায় লেখা ছিল, “মামুন, নীলা চৌধুরীকে বলো সালমানের মৃত্যু নিয়ে বাড়াবাড়ি না করতে। তা না হলে আমরা যেভাবে সালমান শাহকে হত্যা করেছি, সেভাবে শাহরানকে (সালমান শাহর ভাই) হত্যা করবো।”
আলমগীর কুমকুম জানান, এই হুমকির ঘটনায় রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন তিনি। কারণ, সালমান শাহ হত্যা মামলাটি রমনা থানায় দায়ের করা হয়েছে।
এদিকে, শুনানিতে ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত ডনের জামিন আবেদন নাকচ করে দেন।
এ সময় আদালতে উপস্থিত ছিলেন সালমান শাহর সেই ‘ভক্ত’ মামুন। পরে তিনি সাংবাদিকদের বলেন, সালমান ভক্তদের নিয়ে মানববন্ধন করার আহ্বান জানাতে ফেসবুকে লাইভ করা হয়েছিল। ওই লাইভের মন্তব্যের ঘরেই সালমান শাহকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে মন্তব্যটি মুছে ফেলা হয়।
এদিকে, চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৩০ আগস্টের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
সামিরা হক ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—সামিরার মা লতিফা হক লিও, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। মামলায় অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে।
ইতোমধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার ডনকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।