
সরকারি কার্যক্রমে গতি আনা, দ্রুত শূন্য পদ পূরণ এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর বিষয়ে সচিবদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়ন, খাল খনন এবং সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত সচিব সভায় এসব বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অধিকাংশ মন্ত্রণালয় ও বিভাগের সচিব উপস্থিত ছিলেন।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, সরকারি কাজ আরও গতিশীল করে দ্রুত শেষ করা, শূন্য পদ পূরণসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে সভায় আলোচনা হয়েছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং খাল খননের কাজ যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত একজন সচিব জানান, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির লক্ষ্য নিয়ে সরকারি বিভিন্ন স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুত শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও সচিবদের বলা হয়েছে।
ওই সচিব জানান, সরকারি ক্রয়নীতি অনুসরণ করে স্বচ্ছতার সঙ্গে ক্রয়সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র আগেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর বিষয়েও বলা হয়েছে। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে ডিজিটাল হাজিরা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবারের সচিব সভার মূল আলোচ্যসূচির মধ্যে ছিল সরকারের কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকর করা। জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয়ে সচিবদের কাছ থেকে পাওয়া প্রস্তাব পর্যালোচনার বিষয়টিও আলোচনায় ছিল।
এ ছাড়া ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬–২০৩০)’ নিয়ে আলোচনা হয়েছে। সরকারের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়ও সভার আলোচ্যসূচিতে ছিল।