
সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও নতুন রোগী শনাক্তের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০১ জনের, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৯৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।
এ সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১১ জনের মৃত্যু হলেও নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে।