
দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল করতে ভারত থেকে বড় একটি ডিজেল চালান বাংলাদেশে এসে পৌঁছেছে।
দিনাজপুরের পার্বতীপুরে শুক্রবার (২৭ মার্চ) সকালে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেল পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে নামানো হয়। সরবরাহে কোনো বাধা না থাকার জন্য ছুটির দিনেও ডিপোর কার্যক্রম চালু রাখা হয়েছে।
সূত্র জানায়, ভারতের আসামে অবস্থিত নুমালিগড় রিফাইনারি থেকে গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টার যাত্রার পর শুক্রবার সকাল ৬টার দিকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের রিসিপ্ট টার্মিনালে ডিজেল তেল পৌঁছায়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে এটিকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে স্থানান্তর করা হয়।
ডিপোতে পৌঁছানোর পর রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় এই তেল বিতরণ করা হচ্ছে। এতে বিদ্যমান জ্বালানি সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব বলেন, “ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল তেলের চালান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে তেল আনতে সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে।”
তিনি আরও জানান, চলতি বছরের মধ্যে ইতোমধ্যে তিন ধাপে মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল তেল আমদানি করা হয়েছে। এছাড়া আগামী শনিবার আরও সাত হাজার মেট্রিক টন ডিজেল তেল দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা সরবরাহ পরিস্থিতিকে আরও স্থিতিশীল করতে সহায়ক হবে।
