
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের বার্ষিক তালিকা ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণ প্রকাশিত হয়েছে। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এই তালিকায় এবারই প্রথম যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচজন রাষ্ট্র ও সামরিক নেতা।
যৌথভাবে প্রথম স্থান অর্জন করা পাঁচ নেতা হলেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইসলামবিষয়ক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের তথ্যমতে, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের যৌথভাবে এই শীর্ষ সম্মাননা দেওয়া হয়েছে। পাঁচজনকে একসঙ্গে প্রথম স্থানে রাখার কারণে এবারের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান রাখা হয়নি। সরাসরি চতুর্থ স্থান থেকে পরবর্তী অবস্থানগুলো নির্ধারণ করা হয়েছে।
তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। ২০২৬ সালের মার্চে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। পঞ্চম স্থানে রয়েছেন জেরুজালেমের পবিত্র মুসলিম ও খ্রিস্টান স্থাপনাগুলোর জিম্মাদার এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন। অন্যদিকে, ২০২৬ সালের সংস্করণে শীর্ষস্থান দখল করা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবার রয়েছেন ষষ্ঠ অবস্থানে।
তালিকার সপ্তম ও অষ্টম অবস্থানে জায়গা পেয়েছেন দুই বিশিষ্ট ইসলামি পণ্ডিত। সপ্তম স্থানে রয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। অষ্টম স্থানে আছেন ইয়েমেনের তারিমে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ। নবম স্থানে রয়েছেন সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ ও আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব। আর শীর্ষ দশের দশম স্থানে রয়েছেন বিশিষ্ট ইসলামি পণ্ডিত শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ।
শীর্ষ দশের বাইরে থেকেও বিশ্বের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ও ব্যক্তিত্ব এবারের তালিকায় স্থান পেয়েছেন। তাদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রয়েছেন ১৩তম স্থানে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ১৬তম, নাহদলাতুল উলামার চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার ইসলামি পণ্ডিত হাবিব লুতফি বিন ইয়াহিয়া ৩১তম অবস্থানে রয়েছেন।
২০২৭ সালের এই সংস্করণে গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের মিনাব শহরের স্কুলশিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানাও বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেয়েছেন।
বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের সক্ষমতা, সামাজিক সূচক, জনমত এবং সামগ্রিক জীবনে অবদানের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়। তবে তালিকাটির প্রকাশকদের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এতে কারও নাম অন্তর্ভুক্ত হওয়ার অর্থ তার মতামত কিংবা কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানানো নয়। বরং মুসলিম বিশ্বে সংশ্লিষ্ট ব্যক্তির প্রভাব কতটা, এই তালিকা তারই একটি পরিমাপ।