
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর দীর্ঘদিনের অন্ধকার অধ্যায় ‘গেস্টরুম ও গণরুম’ সংস্কৃতির নিষ্ঠুরতা। সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো সেই নিপীড়নের প্রকৃত রূপ নবাগতদের সামনে উন্মোচন করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে এই অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজ শুরু করেছে সংগঠনটি।
নির্যাতনের সাক্ষ্য ও কার্যক্রম
রোববার (৩ মে) দিবাগত রাতে জহুরুল হক হলের গেস্টরুমে এই সচেতনতামূলক কর্মসূচি পালন করেন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। সম্প্রতি হলের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতে তাদের ওপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের বিভিন্ন তথ্য ও প্রমাণ জনসমক্ষে আনেন। সেই সব ঘটনার ওপর ভিত্তি করেই এই প্রামাণ্যচিত্রটি তৈরি ও প্রদর্শন করা হয়। মূলত নবাগত শিক্ষার্থীরা যাতে হল জীবনের শুরুতেই এই অপসংস্কৃতির ভয়াল থাবা সম্পর্কে জানতে পারেন, সেটাই ছিল এই আয়োজনের লক্ষ্য।
নেতৃত্বের বক্তব্য ও লক্ষ্ম্য
জহুরুল হক হল শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ ছাত্রলীগের বিগত বছরগুলোর কর্মকাণ্ডকে সরাসরি আক্রমণ করে বলেন, এটি গুপ্তবাদের দৃশ্যমান উপস্থাপন। ছাত্রলীগের মধ্যে তথাকথিত ‘গুপ্ত’ থেকে গেস্টরুমের মাধ্যমে যারা শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল, তাদের মুখোশ আজ জহুরুল হক হলের গেস্টরুমে প্রমাণসহ উন্মুক্ত করা হলো।
হলের পরিবেশ নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করে হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামসুল হক আনান বলেন, গেস্টরুম সংস্কৃতির নামে শিক্ষার্থীদের ওপর যে মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে, তার বাস্তব চিত্র নবাগত শিক্ষার্থীদের সামনে তুলে ধরতেই আমাদের এ আয়োজন। আমরা চাই, হলে আর কোনো শিক্ষার্থী যেন এমন অপসংস্কৃতির শিকার না হয়।
ছাত্রদলের এই উদ্যোগের মাধ্যমে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গেস্টরুমের ভীতি কাটিয়ে একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বার্তা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের সচেতনতা হলের সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করবে।