
বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে লামিয়া আক্তার শশী নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) বিকেলে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোনার তাইড় গ্রামে এ ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘর থেকে বের হতে পারেনি কিশোরীটি।
নিহত লামিয়া আক্তার শশী (১৪) ওই গ্রামের সবুজ মণ্ডলের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করত।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার কিছু আগে টিনশেড বাড়িটিতে আগুন লাগে। খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন। তবে দুর্গম ও বেহাল সড়কের কারণে সেখানে পৌঁছাতে দেরি হয়।
গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরের ভেতরে থাকা বৈদ্যুতিক সেলাই মেশিন থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা গ্যাসের চুলার কারণে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে লামিয়াকে কেউ বের করে আনতে পারেনি। স্থানীয় লোকজন চেষ্টা করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
অগ্নিকাণ্ডে বাড়ির দুটি শয়নকক্ষ, রান্নাঘর ও একটি গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরের আসবাবপত্রও পুড়ে গেছে। এ ঘটনায় একজন সামান্য বিদ্যুৎস্পৃষ্ট হলেও তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।