
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেটসংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত পারভীন আক্তার (৪৬) ওই এলাকার মৃত হুমায়ন খানের স্ত্রী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারভীন আক্তার এক ছেলে ও এক মেয়ের মা। তার ছেলে সোহেল রানা ফাহাদ চাকরির কারণে ঢাকার সাভারে বসবাস করেন এবং মেয়ের বিয়ে হয়েছে প্রায় দুই মাস আগে। এরপর থেকে পারভীন নিজ বাড়িতে একাই থাকতেন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ছেলের সঙ্গে মোবাইল ফোনে তার শেষবারের মতো কথা হয়। পরদিন সকাল থেকে পরিবারের সদস্যরা একাধিকবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি।
পরে মঙ্গলবার সন্ধ্যায় ছেলে সোহেল রানা ফাহাদ সখীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ ও স্বজনরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছেলে দাবি করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।