
এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ঘোষিত লংমার্চ কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য জমায়েত বিবেচনায় পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড় ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, পুলিশ সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছেন। সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
এদিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে দুপুর ১টায় পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ধীরে ধীরে কেন্দ্র ত্যাগ করেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে বড় ধরনের কোনো সমাবেশ বা জমায়েতের চিত্র দেখা যায়নি। বেশিরভাগ পরীক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত বাড়ির উদ্দেশে রওনা হতে দেখা যায়। সম্ভাব্য কর্মসূচির কারণে অন্যান্য দিনের তুলনায় অভিভাবকদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও নেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর পদত্যাগ।
তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, জলাবদ্ধতার কারণে কেবল চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দেশের বাকি সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকেও এই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।