
এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হতেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে ঘিরে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন তারা। এ পরিস্থিতিতে নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১৫ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর এবং সায়েন্সল্যাব এলাকায় শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়।
আন্দোলনের মধ্যেও বুধবার দেশের ৫৯ জেলায় নির্ধারিত সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ ও সায়েন্সল্যাব এলাকায় সমবেত হওয়ার পর সেখান থেকে ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি শুরু করবেন।
সম্ভাব্য এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে থাকতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।