
যুক্তরাষ্ট্রের টানা সামরিক হামলায় জুলাই মাসজুড়ে ইরানে প্রাণহানির সংখ্যা বাড়ছেই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি মাসে চালানো হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫০০ জনেরও বেশি। একই সময়ে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক কার্যত স্থগিত রয়েছে বলেও জানিয়েছে তেহরান।
শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৬ জুলাই থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হামলায় এ পর্যন্ত অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা ইতোমধ্যে ৫০০ ছাড়িয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালায়।
ইরানের দাবি, এসব হামলায় একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ হাজার মানুষ নিরাপদ পানির সংকটে পড়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত ভঙ্গ করায় দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক কার্যত স্থগিত রয়েছে বলে দাবি করেছে তেহরান।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় কয়েকটি দেশের দিকে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।