
ইউক্রেন যুদ্ধকে ঘিরে মস্কো-পিয়ংইয়ং সম্পর্ক আরও দৃঢ় হওয়ার বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রতি অব্যাহত সমর্থন এবং উত্তর কোরিয়ার সেনাদের ভূমিকার জন্য দেশটির নেতৃত্বের প্রতি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
রোববার (১৯ জুলাই ২০২৬) রাশিয়া সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুইয়ের সঙ্গে ক্রেমলিনে অনুষ্ঠিত বৈঠকে এ মন্তব্য করেন পুতিন।
ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে পরিচালিত রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’এ উত্তর কোরিয়ার সমর্থনের জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তিনি বলেন, উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বপূর্ণ ভূমিকা রাশিয়া কখনো ভুলবে না এবং তাদের নিজ দেশের নাগরিকদের মতোই সম্মান জানানো হবে।
বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার সম্পর্কেরও প্রশংসা করেন পুতিন।
এর আগে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে সরকারি সফরে মস্কো পৌঁছেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে মস্কো ও পিয়ংইয়ংয়ের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের পাশাপাশি মস্কোর যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য বিভিন্ন ধরনের অস্ত্রও সরবরাহ করেছে পিয়ংইয়ং।
বিশ্লেষকদের ধারণা, এর বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা, খাদ্য, জ্বালানি এবং সামরিক প্রযুক্তিগত সহযোগিতা পেয়েছে।
এর আগে এপ্রিলের শেষ দিকে জ্যেষ্ঠ রুশ কর্মকর্তাদের পিয়ংইয়ং সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মস্কোর বিজয় নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেন।