
মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা অব্যাহত থাকলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি কার্যত অচল করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, এ পরিস্থিতিতে ওই প্রণালি দিয়ে ‘এক ফোঁটা’ তেল বা গ্যাসও নিরাপদে যেতে দেওয়া হবে না।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের ভূখণ্ড ও অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসন’ চলতে থাকলে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করা সম্ভব হবে না। সংস্থাটি সতর্ক করে বলেছে, এ পরিস্থিতিতে পেট্রোকেমিক্যাল পণ্যসহ কোনো ধরনের তেল বা গ্যাস পরিবহন নির্বিঘ্ন থাকবে না।
আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে একটি ‘শাস্তিমূলক অভিযানের’ জন্য প্রস্তুত থাকতে হবে।
একই সঙ্গে আইআরজিসির দাবি, তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আকাবা বিমানবন্দরে অবস্থানরত মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সোমবার প্রকাশিত আরেক দাবিতে আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি কথিত অনিরাপদ নৌপথ ব্যবহার করার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। তাদের অভিযোগ, ওই জাহাজগুলোকে এই রুট ব্যবহার করতে মার্কিন সামরিক বাহিনী উৎসাহিত করেছিল।
তবে আইআরজিসি তাদের বিবৃতিতে ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল, জাহাজের ক্রুদের পরিচয় বা সম্ভাব্য হতাহতের বিষয়ে কোনো তথ্য দেয়নি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইআরজিসির উত্থাপিত এসব দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।