
তেলের দাম বৃদ্ধিকে ঘিরে বিতর্কের মাঝেই সাফ জানালেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম—এ সিদ্ধান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপের ফল নয়, বরং বাস্তব পরিস্থিতির কারণে নেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তেলের মূল্যবৃদ্ধিতে আইএমএফের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইএমএফের চাপ আছে বলে করি না। আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি।’
তিনি আরও জানান, ভর্তুকির চাপ কমানো ও জ্বালানি পাচার রোধেও এই মূল্য সমন্বয় করা হয়েছে। একই সঙ্গে তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাসভাড়াও বাড়ানো হয়েছে। তবে ভবিষ্যতে তেলের দাম কমলে আলাদা বৈঠক ছাড়াই ভাড়া কমিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে শুধু বিআরটিএর প্রজ্ঞাপনই যথেষ্ট হবে।
মন্ত্রী স্পষ্ট করেন, ভাড়া বৃদ্ধি কেবল ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য। তিনি বলেন, গ্যাসের দাম অপরিবর্তিত থাকায় গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। এ ধরনের কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
রাজধানীর যানজট ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে অটোরিকশা চলাচলে সীমাবদ্ধতা আনার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তার ভাষায়, অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল নগর জীবনে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করছে। তাই ধাপে ধাপে প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় এসব যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বৈশ্বিক বাজারে তেলের দামের অস্থিরতা দেখা দেওয়ায় গত ১৮ এপ্রিল রাতে সরকার দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ায়, যা ১৯ এপ্রিল থেকে কার্যকর হয়।
নতুন দরে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।
এই মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়াও সমন্বয় করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হওয়া নতুন ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ আন্তঃজেলা রুটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।