
রাজধানীর সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বয়ের মাধ্যমে দ্রুত বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেন। তিনি বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন জায়গায় পুনর্বাসন করতে হবে, যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদভাবে ব্যবসা চালাতে পারেন।
সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১ এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ দোকান উচ্ছেদ করা হয়। এরপর থেকেই পুনর্বাসন নিয়ে আলোচনা চলছিল।
বৈঠকে সিদ্ধান্ত হয়, উচ্ছেদ হওয়া হকারদের জন্য বিকল্প নির্ধারিত স্থান তৈরি করা হবে এবং তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে ব্যবসায়িক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়।
এছাড়া শহরের যানজট কমাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে অব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে অনিয়ন্ত্রিত গাড়ি পার্কিং নিয়ন্ত্রণের নির্দেশ দেন এবং প্রয়োজনে নিজস্ব মাঠের কিছু অংশ পার্কিংয়ের জন্য ব্যবহারের পরামর্শ দেন।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, রাজউকের চেয়ারম্যান, দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং ডিএমপি ও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।