
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা চলতি বছরের ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের সেশনজট নিরসনে সরকার এ উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি।
শনিবার দুপুরে সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, একইভাবে এইচএসসি পরীক্ষার সময়সূচিও এগিয়ে আনা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসএসসি পরীক্ষা অন্তত চার মাস আগে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে সরকার বদ্ধপরিকর। করোনা-পরবর্তী পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতার কারণে পরীক্ষার সময়সূচিতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা কাটিয়ে স্বাভাবিক ধারায় ফিরতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তবে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট কোনো সময় জানাননি শিক্ষামন্ত্রী।