
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে বহুমুখী উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তোলার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে প্রধানমন্ত্রী জানান, এ লক্ষ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, বৃক্ষরোপণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশনগুলো নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলো ল্যান্ডস্কেপিং ও সবুজায়নের মাধ্যমে উন্নয়ন করা হচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান তিনি। এতে ভবিষ্যতে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে বলে উল্লেখ করেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগর বনায়ন কর্মসূচি, বিশেষ করে মিয়াওয়াকি পদ্ধতিতে গাছ রোপণ কার্যক্রম চলছে। আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের ফাঁকা জায়গাগুলোতেও বৃক্ষরোপণ করা হবে।
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ইলেকট্রিক বাস চালু, কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান, অবৈধ ইটভাটা বন্ধ এবং নির্মাণস্থলে দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ঢাকার চারপাশের নদী ও খাল দূষণমুক্ত করতে শিল্পকারখানায় ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে এবং অনেক প্রতিষ্ঠানে ইতোমধ্যে তা চালু হয়েছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীসহ ১৯টি খালের দূষণের উৎস চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ে রাস্তার মিডিয়ান, ইউলুপ, খালের পাড় ও খালি জায়গায় হাজার হাজার গাছ রোপণ করা হয়েছে। আগামী বছরগুলোতে ঢাকাকে আরও সবুজ ও বাসযোগ্য শহরে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।