
হাম প্রতিরোধ ও আক্রান্তদের সহায়তায় বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকার সমান।
বুধবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই অর্থ সরাসরি রেডক্রসের মাধ্যমে বিতরণ করা হবে।
বিবৃতিতে বলা হয়, যেসব পরিবারে হাম আক্রান্ত রোগী রয়েছে এবং চিকিৎসা ব্যয় বহনে হিমশিম খাচ্ছে, তাদের নগদ সহায়তা দেওয়া হবে। দেশের বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপকারভোগীরা এই সহায়তার আওতায় আসবেন।
এছাড়া রেডক্রস এই অর্থ ব্যবহার করে চলমান টিকাদান কর্মসূচি জোরদার করবে এবং হাম প্রতিরোধমূলক কার্যক্রমে ব্যয় করবে। স্বাস্থ্যসেবা সরঞ্জাম সরবরাহও এ উদ্যোগের অন্তর্ভুক্ত থাকবে।
বিশেষভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে চিকিৎসা সংশ্লিষ্ট আর্থিক চাপ কমাতে নগদ সহায়তা দেওয়া হবে, যাতে তারা যাতায়াত খরচ কিংবা রোগীর সেবাযত্নের কারণে আয়ের ক্ষতি সামাল দিতে পারে।
ইইউ তাদের বিবৃতিতে আরও উল্লেখ করে, তারা বাংলাদেশের অন্যতম প্রধান দাতা সংস্থা। শুধু ২০২৬ সালেই মানবিক সহায়তা হিসেবে তারা বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ২৩ মিলিয়ন ইউরো প্রদান করেছে।
এর মধ্যে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরো এবং বাকি ৭ মিলিয়ন ইউরো ব্যয় করা হয়েছে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং স্থিতিস্থাপকতা বাড়ানোর কাজে।