
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, মেগা প্রকল্পের নামে বাহ্যিক উন্নয়নের প্রচার চালিয়ে তার আড়ালে অর্থ অপচয় বা দুর্নীতির কোনো নীতিতে বর্তমান সরকার বিশ্বাস করে না। তিনি জানান, অতীত সরকারের সময় নেওয়া চলমান বড় প্রকল্পগুলোর মধ্যে যেগুলো মাঝপথে বন্ধ করলে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতি বা জটিলতা তৈরি হতে পারে, সেগুলো পর্যালোচনা করে যৌক্তিকভাবে বাস্তবায়ন করা হবে।
শনিবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘বাজেটের সুফল পেতে অর্থের জোগান ও বাস্তবায়ন দক্ষতা’ শীর্ষক ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন মেগা প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সরকার অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। অপ্রয়োজনীয় বড় অবকাঠামো নির্মাণের পরিবর্তে শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন এবং সাধারণ মানুষের সরাসরি উপকারে আসে—এমন প্রয়োজনভিত্তিক প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার এখনও সন্তোষজনক নয়। এ পরিস্থিতির উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে।
কর ব্যবস্থার প্রসঙ্গ তুলে জোনায়েদ সাকি বলেন, করের আওতা বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ন্যূনতম কর প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এই উদ্যোগের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়; বরং ন্যায্য ও ভারসাম্যপূর্ণ কর ব্যবস্থা নিশ্চিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রাইমএশিয়া ইউনিভার্সিটিকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিজয়ী হয়।