
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মর্যাদাপূর্ণ মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর সম্মানসূচক আজীবন সদস্যপদ লাভ করেছেন। ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ রোববার এ ঘোষণা দেয় ঐতিহ্যবাহী ক্লাবটি।
এমসিসির প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, এবার মোট পাঁচজন ক্রিকেট ব্যক্তিত্বকে সম্মানসূচক আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। তামিমের পাশাপাশি এই স্বীকৃতি পেয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের চেতেশ্বর পূজারা।
বিবৃতিতে তামিমকে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে বাংলাদেশের আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও এমসিসির সম্মানসূচক সদস্যপদ পেয়েছিলেন।
ক্যারিয়ারে তামিম বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজারের বেশি রান করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দারুণ এক সেঞ্চুরি করে তিনি ঐতিহাসিক লর্ডস অনার্স বোর্ডে নিজের নাম লেখান।
ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে আট হাজারের বেশি রান করে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডও তার দখলে। ২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক-এর বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতিও অর্জন করেন।
এদিকে, তামিমের সঙ্গে সম্মানসূচক সদস্যপদ পাওয়া নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। দীর্ঘ ও সফল ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবেই তাদের এই সম্মাননা দিয়েছে এমসিসি।