
ফিফা বিশ্বকাপের অভিষেক আসরেই ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে অপরাজিত থেকেই শেষ ৩২ নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।
এই সাফল্যের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে ওঠা সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নতুন রেকর্ড গড়েছে কেপ ভার্দে। প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের এই দেশটির জন্য এটি ফুটবল ইতিহাসের অন্যতম বড় অর্জন।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে খেলোয়াড় ও সমর্থকদের আবেগঘন উদযাপনে ভরে ওঠে মাঠ ও গ্যালারি। অনেকেই আনন্দে অশ্রুসিক্ত হয়ে পড়েন। রাজধানী প্রাইয়া ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত কেপ ভার্দিয়ান প্রবাসীদের মধ্যেও শুরু হয় উৎসব।
উচ্ছ্বসিত এক সমর্থক বলেন, আমরা অসাধারণ আনন্দিত। আমাদের কেউ থামাতে পারবে না। আমরা সেরাদের একজন। আরেকজন বলেন, প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই দ্বিতীয় রাউন্ডে ওঠা আমাদের জন্য ইতিহাস
উদযাপনে ছিল ভিন্নমাত্রাও। ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ভো জিনহার প্রতি সম্মান জানাতে কয়েকজন সমর্থক মাঠে জীবন্ত ছাগল নিয়ে আসেন, যা দর্শকদের দৃষ্টি কাড়ে।
দলের প্রধান কোচ বুবিস্তা এই অর্জনকে শুধু কেপ ভার্দের নয়, পুরো আফ্রিকার ফুটবলের জন্য অনুপ্রেরণাদায়ক বলে উল্লেখ করেন। তিনি বলেন, শেষ ৩২-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। তবে ভয় নয়, লড়াই করেই নিজেদের সেরাটা তুলে ধরতে চান তারা।
আগামী ৪ জুলাই, বাংলাদেশ সময় ভোর ৪টায়, ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। সেই ম্যাচে আরও একটি চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকার এই উদীয়মান দল।