
দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে এখন বড় ধরনের ফারাক তৈরি হয়েছে। তার ভাষায়, ‘জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে।’
সোমবার (১৫ জুন) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনৈতিক নেতা মোস্তফা মহসিন মন্টুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান মান্না বলেন, “বন্দুকের সামনে দুই হাত প্রসারিত করে মৃত্যুকে আলিঙ্গন করার এমন ইতিহাস পৃথিবীতে বিরল। এত বড় আন্দোলনের পরও কি দেশের মানুষ সন্তোষজনক অবস্থায় আছে? যারা লড়াইয়ের মাঠে জীবন বাজি রাখল, তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ কি আমরা পেয়েছি? আজ পুরো পাশা উল্টে গেছে।”
স্মরণসভায় তিনি বলেন, জনগণের অধিকারভিত্তিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্য অর্জন করতে হলে দীর্ঘদিনের আন্দোলনের সহযাত্রী প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম কর্মসূচিভিত্তিক ঐক্য গড়ে তোলা প্রয়োজন।
সম্প্রতি ঘোষিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়েও সমালোচনা করেন তিনি। মান্না বলেন, “বাজেটের ভেতর সুন্দর সুন্দর কথার চানাচুর দিয়ে মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর কোনো বাস্তব গ্যারান্টি নেই। যে সরকার ঠিকমতো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বা নতুন ঘোষিত বেতন স্কেলের টাকা সংস্থান করতে পারে না, তারা এই বিশাল বাজেটের টাকা কোত্থেকে দেবে?”
তিনি আরও বলেন, “অর্থনীতিকে বাদ দিয়ে যারা রাজনীতি করতে চায়, তারা দেশকে সামনে নিতে পারবে না। জনতুষ্টির পথ ছেড়ে জনগণের কল্যাণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ না নিলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চরম সংকটে পড়বে।”
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে।