
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। বাংলাদেশ সময় রাত ১২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দরে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের যুক্তরাজ্য শাখার নেতারা এবং প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানান।
এর আগে শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন নাহিদ ইসলাম। এ সময় তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।
সফরসূচি অনুযায়ী, ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটির সঙ্গে বৈঠক করবেন নাহিদ ইসলাম। এ ছাড়া ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জগুলো গুরুত্ব পাবে।
যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশেও বক্তব্য দেবেন এনসিপির আহ্বায়ক। সেখানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা ও ঘটনাপ্রবাহ তুলে ধরবেন। পাশাপাশি ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিয়ে আলোচনা করবেন।
এ ছাড়া আগামী ১৬ নভেম্বর (সোমবার) ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। সফর শেষে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) তার দেশে ফেরার কথা রয়েছে।