
জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক আচরণের ভয়ে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে চান না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, সাইবার জগতে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানজনক শব্দ ব্যবহারের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে মুখ খোলেন না। তবে অনেকের কণ্ঠস্বর থামিয়ে দিতে পারলেও তাঁর মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও লেখেন, গণঅভ্যুত্থানের পর ছদ্মবেশ ছেড়ে প্রকাশ্যে আসার পর সচেতন মানুষের কাছে তাদের সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে। তাদের আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত প্রায় সবাই একই ধরনের চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে কোনো বক্তব্যের জবাব দেয় না। বরং সম্মিলিতভাবে সাইবার আক্রমণ চালিয়ে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।
রাশেদ খাঁন লেখেন, তিনি যখন একের পর এক জামায়াত-শিবিরের মিথ্যা প্রচারণা ভেঙে দিচ্ছেন, তখন দলটির শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন। জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই বোঝা যায়, তাঁর কারণে জান্নাতি দল হিসেবে নিজেদের পরিচয় দেওয়া জামায়াতের তৈরি মিথ্যা প্রচারণা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর দলটির আরেক সংসদ সদস্য আমির হামজার নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে আসায় জামায়াত নেতাদের মুখোশ এখন সর্বত্র উন্মোচিত হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, একটু খেয়াল করলেই দেখা যাবে, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেলামেশা করেন না। নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে তারা জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন জীবনযাপন করে।
রাশেদ খাঁনের ভাষ্য, বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, তাতে এমন একটা সময় আসবে, যখন মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না।