
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ক্ষমতাচ্যুত হওয়ার পর সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন। এরই মধ্যে গত ৯ নভেম্বর বাংলাদেশে ফেরার জন্য নতুন পাসপোর্টের আবেদনও করেছেন তিনি। তার এমন সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি, মৃত্যুদণ্ডের রায় এবং নিরাপত্তাঝুঁকি—সবকিছু বিবেচনায় নিয়ে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে জনগণের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি কী দাঁড়াবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। গণঅভ্যুত্থানের পেছনের কারণ বিশ্লেষণ এবং বর্তমান পরিস্থিতি মূল্যায়ন না করে নাশকতার পথ বেছে নেওয়া দলটির জন্য রাজনৈতিক ফাঁদ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অনেকে। তাদের মতে, অতীতের ভুল থেকে দলটি সামান্যতম শিক্ষাও নেয়নি।
১৯৭৫ সালের বিয়োগান্তক ঘটনার পর টানা ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। এরপর অতীতের ভুলের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজেদের আচরণ ও কর্মকাণ্ডে পরিবর্তন আনার মধ্য দিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় ফিরেছিলেন শেখ হাসিনা। কিন্তু হাজার হাজার মানুষকে হত্যা ও গুমের অভিযোগের পরও দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ভুল স্বীকার কিংবা অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং শুধু 'ষড়যন্ত্র' তত্ত্ব সামনে এনে এবং নাশকতার পথ ধরে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে দলটি। তবে বিশ্লেষকদের মতে, নাশকতার এই কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ, আওয়ামী লীগের রাজনৈতিক সংকট কেবল সাংগঠনিক দুর্বলতার মধ্যে সীমাবদ্ধ নয়।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিচারপ্রক্রিয়া এখনো চলমান। মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। শীর্ষ পর্যায়ের অনেক নেতাও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যত বেশি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়াবে, দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের ঝুঁকিও তত বাড়বে।
কী কারণে নতুন সরকার কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়। অনেকের মতে, শেখ হাসিনা আন্দোলনের নামে নাশকতা শুরু করার পরিকল্পনা করেছিলেন পরিস্থিতি তৈরি হওয়ার অনেক আগেই। কারও কারও ধারণা, প্রভাবশালী একটি দেশের ইঙ্গিতে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। কিন্তু কেন এসব করা হচ্ছে কিংবা এর রাজনৈতিক উদ্দেশ্য কী, সে বিষয়ে জনগণের সামনে কোনো ব্যাখ্যা নেই। ফলে শুধু 'নেত্রী ফিরবেন'—এই যুক্তিতে বোমা ও ককটেল হামলা চালানো সাধারণ মানুষ গ্রহণ করবে বলে মনে করেন না বিশ্লেষকরা। তাদের মতে, এতে মানুষ খুশি হওয়ার পরিবর্তে বিরক্তই হবে। কর্তৃত্ববাদী ও একগুঁয়ে শাসনের কারণে জনগণ শেখ হাসিনার ওপর বিরক্ত ছিল। কিন্তু মাত্র ১০ মাসের সরকারকে নিয়ে এখনো জনগণের মধ্যে তেমন অসন্তোষ তৈরি হয়নি। এমন অবস্থায় আওয়ামী লীগের লক্ষ্যহীন রাজনীতি দলটিকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে, তা স্পষ্ট নয়।
গণঅভ্যুত্থানের আগে ও পরে শেখ হাসিনার পরিবারের প্রায় সব সদস্য এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অধিকাংশ নেতা বিদেশে অবস্থান করে বিলাসী জীবনযাপন করছেন বলে জনমনে আলোচনা রয়েছে। অন্যদিকে মধ্যম ও মাঠপর্যায়ের নেতাকর্মীরা গত দুই বছর মোটামুটি স্বস্তিতে ছিলেন। ব্যবসা-বাণিজ্য কিংবা চাকরি করে তারা জীবনযাপন করছিলেন। কিন্তু শেখ হাসিনার নাশকতার কৌশলের কারণে এখন তারাই নতুন করে বিপদের মুখে পড়ছেন। তাদের মধ্যে আবারও গ্রেপ্তার আতঙ্ক তৈরি হয়েছে। ফলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে শেখ হাসিনার পরিবার ও দলের শীর্ষ নেতাদের প্রতি ক্ষোভ বাড়ছে বলে আলোচনা রয়েছে। তাদের অভিযোগ, শীর্ষ নেতারা বিদেশে নিরাপদে থাকলেও নিজেদের রাজনৈতিক কৌশলের কারণে মাঠপর্যায়ের কর্মীদের নতুন করে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ বর্তমানে যা করছে, তা রাজনীতি নয়; বরং অপরাজনীতি। দলটি যদি মনে করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জোর করে ক্ষমতায় ফিরতে পারবে, তাহলে সেটি তাদের নিছক স্বপ্ন। এভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা খুবই কম। তিনি বলেন, জুলাই গণহত্যার ঘটনায় আওয়ামী লীগ এখনো নিজেদের দায় স্বীকার করেনি। দায় স্বীকার না করায় সমঝোতা ও পুনর্মিলনের কোনো সুযোগ তৈরি হয়নি। দলটি যদি নিজেদের দায় মেনে নিত, তাহলে ক্ষমার প্রশ্ন আসতে পারত। কিন্তু তারা তা করেনি।
গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো দলই নিজেদের ভুল স্বীকার করতে চায় না। রাজনীতিকদের ধারণা, কোনো দল ভুল স্বীকার করলে মানুষ মনে করবে তারা হেরে গেছে কিংবা পরাজয় মেনে নিয়েছে। এ কারণে তারা 'সরি' বলে না। জুলাই গণঅভ্যুত্থানকেই আওয়ামী লীগ স্বীকার করে না। ফলে তারা ক্ষমা চাওয়ার প্রশ্নেও যায়নি।
রাজনীতিকদের একটি অংশ আওয়ামী লীগের অতীতের রাজনৈতিক কৌশলের সঙ্গে বর্তমান কর্মকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন। অতীতে বিরোধী দলের আন্দোলন দমনে শক্তি প্রয়োগ, ভিন্নমতকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচনা এবং দলীয় সিদ্ধান্ত গ্রহণে কেন্দ্রীয় নেতৃত্বের একচ্ছত্র নিয়ন্ত্রণের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, তা থেকে সরে আসার কোনো স্পষ্ট বার্তা এখনো দলটির পক্ষ থেকে পাওয়া যায়নি। পর্যবেক্ষকদের একটি অংশের মতে, আত্মসমালোচনা, নেতৃত্বের দায় নির্ধারণ এবং সাংগঠনিক সংস্কারের চেয়ে দ্রুত রাজনৈতিকভাবে ফিরে আসার আকাঙ্ক্ষাই আওয়ামী লীগের কাছে বেশি গুরুত্ব পাচ্ছে।
সরকারি দল বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতে, বিভিন্ন কর্মসূচি ও সহিংসতার মাধ্যমে মূলত দেশে ভীতিকর পরিবেশ তৈরি করতে চায় আওয়ামী লীগ। তবে এসব কর্মকাণ্ড চালিয়ে দলটির কোনো লাভ হবে না।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা এখনো এ দেশের মানুষকে চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে আবার রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।
তিনি আরও বলেন, বোমা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অনেককেই ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনার সঙ্গে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত রয়েছে। কারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, তা দেশের মানুষও দেখছে।
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মতে, কোনো অপকর্মের জন্য ক্ষমা না চেয়ে এবং অতীত থেকে শিক্ষা না নিয়ে আওয়ামী লীগের আগেভাগেই মাঠে নেমে পড়া চরম হটকারিতা। স্বাধীনতার পর জাসদও এ ধরনের হটকারিতার কারণে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছিল। তিনি বলেন, আওয়ামী লীগ কেন ককটেল হামলা ও নাশকতা চালাচ্ছে, তার কোনো ব্যাখ্যা দেয়নি। কী কারণে তাদের পতন হয়েছিল, তা পর্যালোচনা না করে হঠাৎ ঝটিকা মিছিল ও ককটেল হামলা চালালেই 'আপা ফিরবেন'—এমনটা সম্ভব নয়। আওয়ামী লীগ আবারও ভুল রাজনীতির ফাঁদে পড়েছে।
আওয়ামী লীগ কখনোই সঠিক রাজনৈতিক পথে ছিল না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, রাজনীতিতে ফিরে আসার জন্য আওয়ামী লীগ বাসে আগুন দিচ্ছে, বোমা হামলা চালাচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে এবং মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। অথচ রাজনীতিতে ফেরার পথ হলো নিজেদের কর্মকাণ্ডের জন্য জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। এরপর জনগণ ক্ষমা করলে রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনায় আসতে পারত।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমা চাইলেও দেশের মানুষের ওপর গণহত্যা চালানোর অভিযোগে অভিযুক্তদের জাতি ক্ষমা করবে বলে তিনি মনে করেন না। তাই অদূর ভবিষ্যতেও দলটির রাজনীতিতে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। তবে আওয়ামী লীগ এখন যেভাবে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে, তা প্রতিহত করতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। জামায়াতও জনগণের সঙ্গে আছে।
নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার পথ বন্ধ করছে বলে মনে করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, বর্তমান বিপর্যয় কাটিয়ে আবার রাজনীতিতে ফিরতে হলে প্রথমেই আওয়ামী লীগকে কঠোর আত্মপর্যালোচনা করতে হবে। একই সঙ্গে তাদের কর্মনীতি সংশোধন এবং নতুন কর্মকৌশল গ্রহণ করা জরুরি। কিন্তু দলটির মধ্যে এ ধরনের কোনো উদ্যোগ বা পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এবি পার্টি আওয়ামী লীগকে রাজনৈতিক, সাংস্কৃতিক ও আইনগতভাবে মোকাবিলা করার পক্ষে। তাদের মতে, আওয়ামী ফ্যাসিবাদের হাতে নির্যাতন ও নিপীড়নের শিকার সব পক্ষ যদি এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকে এবং যথাযথ ভূমিকা পালন করে, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার পথ আরও কঠিন হয়ে পড়বে।
আওয়ামী লীগ বারবার ভুল রাজনীতির চর্চা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, নাশকতার রাজনীতি শুধু আওয়ামী লীগই করতে পারে। ২০০৪ সালে রাজধানীর শাহবাগে বাসে গানপাউডার ব্যবহার করে মানুষ হত্যা করেছিল দলটি। তাদের সেই প্রবণতার কোনো পরিবর্তন হয়নি। এখনো একই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা।
মনিরা শারমিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের হাতে এত মানুষ প্রাণ হারিয়েছেন, অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। অথচ দলটির মধ্যে ন্যূনতম অনুশোচনাও দেখা যায়নি। এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই।
তিনি আরও বলেন, বিশ্বের যেসব দেশে স্বৈরাচারী শাসকদের পতনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যায়, সেসব দেশে তাদের আর রাজনীতি করার নৈতিক অধিকার থাকে না। আওয়ামী লীগের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। এ কারণেই দলটি আবারও ভুল রাজনৈতিক পথে হাঁটছে।